(রাজশাহী) প্রতিনিধি:
ডেঙ্গু রোগ প্রতিরোধ ও মশক নিধনে তিন মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১০ ঘটিকায় বড়গাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হেলাল উদ্দীনের উদ্যোগে ও উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচি চলাকালে ইউনিয়ন পরিষদ ভবন, প্রধান ফটক, আশপাশের ড্রেন, ঝোপঝাড় এবং জমে থাকা পানির উৎস পরিষ্কার করা হয়। একই সাথে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে স্প্রে ও লার্ভিসাইড প্রয়োগ করা হয়।অভিযানকালে বড়গাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হেলাল উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবার সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সরকারের নির্দেশনায় তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা পরিষদ এলাকা পরিষ্কার করেছি। তবে শুধু পরিষদ নয়, ইউনিয়নের প্রতিটি বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার জন্য আমি সকল ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।এ সময় বড়গাছি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, পরিষদ সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিচ্ছন্নতা কর্মীরা অভিযানে অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড ও মশক নিধন অভিযান অব্যাহত থাকবে বলে পরিষদ সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]