মোঃ হোসেন গাজীঃ
মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ুন—এই প্রত্যয়ে চাঁদপুরের হাইমচরে মাদক নির্মূলে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইমচরের বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ আয়োজনে এ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সেমিনারে বক্তারা মাদকের কুফল, মাদকাসক্তির কারণে শারীরিক ও মানসিক ক্ষতি, পারিবারিক ও সামাজিক বিপর্যয় এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি বন্ধু ও সহপাঠীদেরও মাদকের বিরুদ্ধে সচেতন করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের মাদকমুক্ত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এখন থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে।
সেমিনারে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত হাইমচর গড়ার প্রত্যয় আরও জোরালো হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]