মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী প্রতিনিধি]
রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার সিএনবি মোড় অঞ্চলের মৃত সাইদুর রহমানের ছেলে নোবেলের বিরুদ্ধে মাদক ব্যবসা, বহনে স্ত্রীসহ সরাসরি সম্পৃক্ততা এবং প্রতিপক্ষকে ফাঁসিয়ে মাদকের চালান আত্মসাতের মারাত্মক অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিজের মাদক সম্রাজ্য টিকিয়ে রাখতে সে একদিকে যেমন নিজে মাদকের সাথে জড়িত, অন্যদিকে প্রশাসনের সোর্স’ পরিচয়ে দ্বিমুখী অপকৌশল অবলম্বন করে চলেছে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, নোবেল নিজে মাদক ব্যবসার সাথে সরাসরি যুক্ত থাকার পাশাপাশি স্ত্রীকে সঙ্গে নিয়ে কৌশলে মাদক বহনের কাজও পরিচালনা করে। তবে তার অপরাধের মাত্রা এখানেই সীমাবদ্ধ নয় নিজের ব্যবসা নির্বিঘ্ন রাখতে এবং সুবিধামতো অন্যের হিরোইন বা মাদকের চালান আত্মসাৎ করতে সে প্রশাসনের সোর্স হিসেবে কাজ করে। নিজের স্বার্থ হাসিল করতে এলাকায় এবং এলাকার বাইরে বিভিন্ন নিরীহ মানুষকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্রে সে অত্যন্ত দক্ষ। সূত্র জানায়, ইতোমধ্যে তার বিরুদ্ধে এলাকা ও এলাকার বাইরে অন্তত দুটি মাদক মামলা রয়েছে এবং তার অপকর্মের বেশ কিছু তথ্য-প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও এসেছে।
স্থানীয়দের তীব্র ক্ষোভ ও অভিযোগ নোবেল নিজের কাঙ্ক্ষিত স্বার্থের জন্য আত্মীয়-স্বজন কিংবা সামাজিক কোনো সম্পর্কের তোয়াক্কা করে না। তার কাছে যে কেউ যেকোনো সময় মারাত্মক ক্ষতির শিকার হতে পারে। তার এই বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পুরো এলাকার মানুষ এখন এক ধরনের সামাজিক নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
পিতার সুনামে দাগ, বন্ধু মহলে আক্ষেপ
এদিকে, নোবেলের স্বর্গীয় পিতা সাইদুর রহমানের বন্ধু মহল এবং এলাকার প্রবীণ ব্যক্তিরা তার পিতার অমায়িক ও সাদাসিধা জীবনের কথা স্মরণ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা জানান, সাইদুর রহমান অত্যন্ত ভালো মানুষ ও সামাজিক ব্যক্তি ছিলেন এলাকায় তাঁর যথেষ্ট সুনাম ছিল। অথচ তাঁর সন্তান এভাবে অপরাধ জগতের অন্ধকার পথে পা বাড়াবে, তা চরম হতাশাজনক।
এলাকাবাসীর আশঙ্কা, নোবেলের অন্যায় ও বেপরোয়া অপকর্ম এখনই প্রতিরোধ না করা হলে ভবিষ্যতে সে আরও হিংস্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি হয়ে উঠবে। অপরাধের লাগাম টানতে এবং পরবর্তীতে যেন আর কোনো নিরীহ মানুষ তার ষড়যন্ত্রের শিকার না হয়, সেজন্য তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]