মোঃ সেলিম রানা সৌদি প্রতিনিধি:
তায়েফ, সৌদি আরব: সৌদি আরবের তায়েফে কামরুল জামান (প্রায় ৩০) নামে এক বাংলাদেশি প্রবাসী কর্মীকে গুলি করে হত্যা করেছে এক সৌদি তরুণ। হত্যাকাণ্ডের পর ওই তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত সৌদি তরুণের বয়স আনুমানিক ১৬ বছর। রোববার (৩০ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, কামরুল জামান তায়েফের একটি সুপার মার্কেটে কর্মরত ছিলেন। ভোরে কর্মস্থলের ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে তিনি রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় হঠাৎ এক সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালায়।প্রাণ বাঁচাতে কামরুল দ্রুত দৌড়ে তার কর্মস্থলের সুপার মার্কেটের ভেতরে আশ্রয় নেন। এ সময় সুপার মার্কেটে কর্মরত অন্য দুই কর্মী আতঙ্কে সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, হামলাকারী ওই সৌদি তরুণও সুপার মার্কেটের ভেতরে প্রবেশ করে কামরুল জামানকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অথবা গুরুতর আহত অবস্থায় কামরুলের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।এরপর ওই সৌদি তরুণ নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার বিষয়ে কামরুল জামানের পাশের একটি ফার্মেসিতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী কর্মী বিস্তারিত তথ্য জানিয়েছেন। নিহতের বোনজামাই একরামুল হকও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে কামরুল জামানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, কিংবা হামলাকারীর সঙ্গে তার কোনো পূর্বপরিচয় বা বিরোধ ছিল কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছেন প্রবাসীরা। নিহত কামরুল জামানের বাবার নাম খোরশেদ আলম। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে। দেশে তার স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। পরিবারের জীবিকার তাগিদে প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল জামান। প্রবাসে কর্মরত অবস্থায় তার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে দেশে থাকা পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা শোকাহত। একই সঙ্গে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের তদন্তের ফলাফলের অপেক্ষা করছেন নিহতের পরিবার ও প্রবাসী বাংলাদেশিরা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]