গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় পূর্ব বিরোধের জেরে ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতিকে দলবদ্ধভাবে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকা ও সমিতির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আহত সমিতির সভাপতি মোঃ রাজ্জাক মিয়া (৪৭) গাইবান্ধা সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি এজাহার দিয়েছেন।এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পুলবন্দি এলাকায় প্রায়ই মদ্যপান করে হৈচৈ, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় আসামিরা রাজ্জাক মিয়ার ওপর ক্ষুব্ধ ছিলেন এবং বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগে বলা হয়, গত ১২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুরাতন ব্রিজ এলাকায় পৌঁছালে অভিযুক্তরা লাঠি ও লোহার রড নিয়ে তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে আনছার আলী মারধরের নির্দেশ দেন বলে অভিযোগ করেন রাজ্জাক।এরপর আনছার আলীসহ অন্যরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে এক ব্যক্তি লোহার রড দিয়ে তাঁর ডান পায়ের গোড়ালিতে আঘাত করলে গুরুতর জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আমিন খান বাঁশের লাঠি দিয়ে তাঁর ডান হাতের বাহুতে আঘাত করেন বলেও অভিযোগ করা হয়। পরে তিনি রাস্তায় পড়ে গেলে অভিযুক্তরা তাঁর বুক ও পিঠে লাথি ও কিল-ঘুষি মারেন বলে দাবি করেন। অভিযোগকারী আরও জানান, এ সময় তাঁর পরনের প্যান্টের পকেট থেকে ৮ হাজার ৫০০ টাকা এবং সমিতির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেওয়া হয়। চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে অজ্ঞাতনামা একটি অটোরিকশায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত রাজ্জাক মিয়া চিকিৎসা নেওয়ার পর গাইবান্ধা সদর থানায় এসে এজাহার দায়ের করেন। চিকিৎসা গ্রহণের কারণে এজাহার করতে বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]