শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগছি গ্রামের মানুষের। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে মুড়োগাছা থেকে দলুয়া ভায়া কলাগছি পর্যন্ত ২ দশমিক ৩ কিলোমিটার নতুন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) এ নির্মাণকাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “একটি এলাকার উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। গ্রামীণ সড়ক উন্নত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষের দুর্যোগ মোকাবিলায় দরমুড়োগাছা ও রাজাপুরে দুটি সাইক্লোন সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সড়ক উদ্বোধনের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তার পাশে দুটি বৃক্ষরোপণ করেন জেলা পরিষদ প্রশাসক হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ খেশরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বক্তারা বলেন, কলাগছির এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে সড়কে হাঁটুসমান কাদা জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তির শিকার হতে হতো। শিক্ষার্থী ও কৃষকরাও প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি টেকসই সড়কের দাবি জানিয়ে এলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। অবশেষে নতুন সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, সরকারি নকশা ও নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় কারিগরি তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, সড়কটির নির্মাণকাজ শেষ হলে শুধু যাতায়াতের দুর্ভোগই কমবে না, বরং শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্যসেবাসহ এলাকার সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]