মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ১৬ সপ্তাহব্যাপী কম্পিউটার (গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং বিভিন্ন জনকল্যাণমূলক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত ও শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ করে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, আগামী ২ আগস্ট থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ১৬ সপ্তাহ বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উপজেলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও এবং জেলা পুলিশ সুপার। এছাড়াও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কম্পিউটার পরিচিতি, কম্পিউটার পরিচালনা ও ইন্টারনেট ব্যবহার, অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট), গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ সৃষ্টি হবে। বিকল্প কর্মসংস্থানের পথ উন্মুক্ত হওয়ায় সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সংশ্লিষ্টদের মতে, বিজিবির এই ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ সীমান্তবর্তী জনপদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]