ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলাকে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানিয়ে এক বর্ণাঢ্য মাদকবিরোধী জনসচেতনতা ও প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাদক সচেতনতা প্রতিরোধ ফোরামের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১১টায় হাইমচর উপজেলা চত্বর মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।সভায় "মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ সেখানে" এবং "এসো সবাই শপথ করি, মাদকমুক্ত হাইমচর গড়ি"—এই দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়-এর সভাপতিত্বে এবং সাংবাদিক শিমুল অধিকারী সুমন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতিকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে আরও বেশি সচেতন ও সম্পৃক্ত হতে হবে। তিনি মাদক ব্যবসায়ী, পাচারকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে।মাদক সচেতনতা প্রতিরোধ ফোরামের প্রধান সমন্বয়কারী ও প্রধান উদ্যোক্তা মোঃ ফারুকুল ইসলাম-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জসীম উদ্দিন বাহার, বাংলাদেশ ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন হাওলাদার, ৩ নং দক্ষিণ আলগি ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে এবং প্রতিটি এলাকায় স্থানীয় পর্যায়ে নজরদারি বৃদ্ধি করতে হবে।গণমাধ্যমকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন হাইমচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ফারুকুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আলী আকবর। তারা বলেন, মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে। সভায় বক্তারা আরও উল্লেখ করেন, একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। তাই উন্নয়নমুখী হাইমচর গঠনে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধভিত্তিক আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয় এবং হাইমচরকে মাদকমুক্ত ও সুস্থ জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]