হোসেন গাজীঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিকাল সায়েন্স ডিপার্টমেন্ট এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি (প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান এজেডএম আজিজুর রহমান। শনিবার (২০ জুন) রাজধানীর চট্টগ্রাম সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এজেডএম আজিজুর রহমান চাঁদপুর জেলার হাইমচর উপজেলার একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে সরকারি, বেসরকারি ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইনভেস্টরস সার্ভিসেস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগকারীদের সার্বিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।শিক্ষা ও সমাজ উন্নয়নেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। তিনি দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির দুইবারের সভাপতি হিসেবে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ ১২ বছর ধরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর (এসডব্লিউএস)-এর প্রধান উপদেষ্টা হিসেবে অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা ও মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছেন।আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রেও তাঁর রয়েছে উজ্জ্বল ভূমিকা। তিনি বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি, কোরিয়া-বাংলাদেশ চেম্বারের পরিচালক এবং জাপান-বাংলাদেশ ও বাংলাদেশ-চায়না বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছেন। তাঁর এই কর্মকাণ্ড দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক অবদান রাখছে।স্থানীয় শিক্ষাবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মনে করেন, এজেডএম আজিজুর রহমানের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং হাইমচর তথা চাঁদপুরবাসীর জন্যও গৌরবের বিষয়। কর্মদক্ষতা, নেতৃত্বগুণ, সততা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে তিনি তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একটি গুরুত্বপূর্ণ এলামনাই সংগঠনের নেতৃত্বে তাঁর নির্বাচিত হওয়ায় হাইমচর ও চাঁদপুরের বিভিন্ন সামাজিক, শিক্ষা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]