সমরেশ রায় পশ্চিমবঙ্গ কলকাতা প্রতিনিধিঃ
রাজ্য সরকারের নির্দেশ ও সার্বিক ব্যবস্থাপনায় কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড প্যারেড ময়দানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদ উৎসব। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিবছর কলকাতার রেড রোডে বৃহৎ পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও, এবারে সাধারণ মানুষের সুবিধা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং বড় জমায়েত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিগেড প্যারেড ময়দানকে বেছে নেওয়া হয়। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। সকাল থেকেই ব্রিগেড ময়দানে ছিল উৎসবের আমেজ। মাইক স্থাপন, মঞ্চ নির্মাণ, আসন প্রস্তুতসহ নানা আয়োজন সম্পন্ন করা হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে ধর্মীয় নেতৃবৃন্দ, মৌলভী ও মুসল্লিরা দলে দলে ময়দানে উপস্থিত হতে থাকেন। নতুন পোশাকে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে অংশ নেন এই বৃহৎ জামাতে। খিলাফত কমিটির উদ্যোগে অনুষ্ঠানের সার্বিক আয়োজন করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্বেই জানানো হয়েছিল নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও নামাজ আদায় করা যাবে না। সেই নির্দেশনা মেনেই সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় ঈদের জামাত। ঈদ উপলক্ষে কলকাতার গার্ডেনরিচ, তপসিয়া, রাজাবাজার, টালিগঞ্জ, ধর্মতলাসহ বিভিন্ন এলাকায়ও উৎসবের আমেজ দেখা যায়। নামাজ শেষে মুসলিম সম্প্রদায়ের মানুষ একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুসলিম সম্প্রদায়ের একাধিক ব্যক্তি জানান, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তারা অত্যন্ত সন্তুষ্ট। ঐতিহ্যবাহী ব্রিগেড প্যারেড ময়দানে ঈদের আয়োজনের সুযোগ করে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ ও যানজট এড়িয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের পক্ষেও মত দেন তারা। সবশেষে দেশবাসীসহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সম্প্রীতি ও ভালোবাসা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]