নূরনবী ঠাকুরগাঁও প্রতিনিধি:
উত্তরের বজ্রকন্ঠ,তরুণ্যের ঐক্যের মাঠ—এই মানবিক ও সমাজ উন্নয়নমূলক স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন হাওদা প্রিমিয়ার ক্লাব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। মানবিক এই কার্যক্রমের পাশাপাশি ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপলক্ষে টি-শার্ট বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ।অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা নাবিল রহমান প্রবাস থেকে ভিডিও কলে সরাসরি যুক্ত হয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং সার্বিক তদারকি করেন। এসময় সশরীরে উপস্থিত ছিলেন ক্লাবের আহ্বায়ক নওসাদ জামান দুলু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য হাসিনুর, এনাজ, নুর নবী, সোহাগসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।ক্লাব সূত্রে জানা যায়, কোরবানির মাংস তিন ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে এক ভাগ ক্লাবের সদস্যদের মাঝে বিতরণ করা হয় এবং বাকি দুই ভাগ বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। মাংস বিতরণ করা হয়—হাউদা গ্রাম, মালঞ্চা, যাওনিয়া, ছোট লাহিড়ী, বড়বাড়ী ও তারাউঠি এলাকায়। এছাড়াও একটি এতিমখানায় ৫ কেজি কোরবানির মাংস প্রদান করা হয়। ক্লাবের সদস্যরা নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র পরিবারের হাতে এই মাংস পৌঁছে দেন, যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন। প্রতিষ্ঠাতা নাবিল রহমান ভিডিও কলে বলেন,অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই আয়োজন। সমাজের বিত্তবান ও তরুণদের মানবিক কাজে এগিয়ে আসা উচিত। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।স্থানীয়রা জানান, বর্তমান সময়ে তরুণদের এমন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের মতে, সমাজের তরুণদের যদি মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়, তবে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় অনেকাংশে কমে আসবে। হাওদা প্রিমিয়ার ক্লাবের মতো সংগঠনগুলো গ্রামীণ সমাজে সচেতনতা, ঐক্য ও উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।সফলভাবে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাবের সদস্যরা।ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]