মোঃ কামরুজ্জামান বাবু, পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, শ্রমিক সংগঠন ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।আলোচনা সভায় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল জাভেদ, শিক্ষক শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা এবং দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদানের গুরুত্ব তুলে ধরেন।অন্যদিকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পোরশা উপজেলা শাখার উদ্যোগেও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পৃথক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নিতপুর কপালীর মোড় থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম।এছাড়াও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাগর আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ গঠন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।এছাড়াও পোরশা উপজেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শ্রমিক নেতারা বলেন, মহান মে দিবস শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের অনুপ্রেরণার প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই দিবসটির মূল শিক্ষা। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে পোরশা উপজেলায় শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]