সমরেশ রায় পশ্চিমবঙ্গ কলকাতাঃ
পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কলকাতা সফর ও বিভিন্ন জনসভা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভা ও রোড শোতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনার পানিহাটির অমরাবতী ময়দানে অনুষ্ঠিত জনসভা দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জনজোয়ারে রূপ নেয়।শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত ওই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা, নারী নিরাপত্তা, কর্মসংস্থান ও শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে নারী নির্যাতন, খুন, দুর্নীতি, বেকারত্ব ও প্রশাসনিক বিশৃঙ্খলা বেড়েছে এবং এসব পরিবর্তনে নতুন সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভায় তিনি বলেন, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।শিল্প-কারখানা স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও তুলে ধরেন। তিনি সাধারণ ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান।প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় সভাস্থলে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তীব্র গরম উপেক্ষা করেও হাজারো নেতাকর্মী সভাস্থলে উপস্থিত ছিলেন।পানিহাটির জনসভায় বিজেপির বিভিন্ন প্রার্থী ও নেতৃবৃন্দ, যার মধ্যে সজল ঘোষ, রত্না দেবনাথ, অরূপ চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।এছাড়াও প্রধানমন্ত্রী অভয়া মামলার প্রসঙ্গ তুলে ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে ঘিরে বিজেপি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসমর্থন বাড়াতে জোর প্রচার চালাচ্ছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের ধারাবাহিক সভা ও রোড শো রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। সব মিলিয়ে, ২০২৬ নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে বিজেপির এই ব্যাপক প্রচারাভিযান।এখন দেখার বিষয়, ভোটের মাঠে এই জনসমাগম কতটা বাস্তব ফলাফলে প্রতিফলিত হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]