বিএম ফরিদ আহমেদ হাইমচর প্রতিনিধিঃ
সারা দেশের মতো চাঁদপুরের হাইমচর উপজেলাতেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হয় এবং পুরো সময়জুড়ে কেন্দ্রের পরিবেশ ছিল শৃঙ্খলাপূর্ণ ও নিয়ন্ত্রিত।আইনশৃঙ্খলা বাহিনী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বাড়াই। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদা কেন্দ্রের সার্বিক তদারকি করেন।তারা পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।কেন্দ্র সূত্রে জানা গেছে, মোট ৬৬৯ জন পরীক্ষার্থী এ কেন্দ্রে অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে বালক ১৪৪ জন এবং বালিকা ৫২৫ জন। পরীক্ষার জন্য ১৪টি কক্ষ প্রস্তুত রাখা হয়।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ৫৯৩ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৭৬ জন। তবে অনুপস্থিত ছিল ২২১ জন পরীক্ষার্থী।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বৃত্তিপ্রত্যাশী শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যা অভিভাবক ও সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি এনে দেয়।কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন।উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]