নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম সোলেমান লেংটার মেলা হঠাৎ করেই বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাত দিনব্যাপী এই মেলা ৩১ মার্চ শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত চলার কথা থাকলেও নানা অনিয়ম ও সহিংসতার ঘটনায় মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মাইকিংয়ের মাধ্যমে মেলা বন্ধের ঘোষণা দেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। এ সময় তিনি উপস্থিত ভক্ত, ব্যবসায়ী ও দর্শনার্থীদের দ্রুত ও শান্তিপূর্ণভাবে মেলা এলাকা ত্যাগ করার আহ্বান জানান।
তিনি বলেন, মাগরিবের পর থেকে মেলার সব কার্যক্রম বন্ধ থাকবে। দূর-দূরান্ত থেকে আগত সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়। এর আগে মেলাকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়া, অশ্লীল কার্যকলাপসহ নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন জুয়া ও মাদক ব্যবসায়ীদের হামলায় মাজারের প্রধান খাদেম গুরুতর আহত হন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।স্থানীয় সূত্র জানায়, এসব ঘটনার প্রেক্ষিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা করে প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ নেয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মেলা সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।মেলা বন্ধ ঘোষণার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় টহল জোরদার করে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বৃদ্ধি করে।স্থানীয় সচেতন মহলের মতে, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের এই সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়। তবে তারা ভবিষ্যতে এমন বড় আয়োজনের ক্ষেত্রে আগাম পরিকল্পনা, কঠোর নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]