নাজমুল হাসান নাজির স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার জয়শিং বাঙালি নদীর ফেরিঘাটে প্রস্তাবিত মেলা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে নিমগাছী ইউনিয়নের জয়শিং ফেরিঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। নিমগাছী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন। তিনি বলেন, গত রমজান মাসে মেলা আয়োজনের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। বর্তমানে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি আগামী বুধবার (২৫ মার্চ) মেলা আয়োজনের চেষ্টা চালাচ্ছে।কিন্তু গ্রামের প্রায় ৯৫ শতাংশ মানুষ এ মেলার বিরোধিতা করছে। তিনি আরও বলেন, এই মেলা অনুষ্ঠিত হলে এলাকায় সংঘর্ষ ও রক্তপাতের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। মানববন্ধনে আরও বক্তব্য দেন বগুড়া জেলা জজ কোর্টের আইনজীবী মোঃ আব্দুল হান্নান, স্থানীয় সমাজসেবক শাহাদত হোসেন, সাজ্জাদ হোসেন, রিপন মিয়া, হেলাল উদ্দিন, শিহাব উদ্দিন, বিটুল মিয়া, সবুজ আহমেদ, রাজু মিয়া, রাব্বি প্রমুখ।
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী জানান, মেলা বন্ধের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং অনুমতি ছাড়া কোনোভাবেই মেলা আয়োজন করতে দেওয়া হবে না। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, সরকারি অনুমতি ছাড়া কোনো মেলা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।অন্যদিকে, মেলা কমিটির পক্ষ থেকে তরিকুল ইসলাম বলেন, আমি এককভাবে মেলা আয়োজন করছি না।গ্রামের অনেকের সমর্থন নিয়ে মেলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তিগত শত্রুতার কারণে আমার সুনাম ক্ষুণ্ন ও আর্থিক ক্ষতির চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]