একরাম হোসেন রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার লেংরা বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেংরা বাজার এলাকার গোলাম হায়দার বাড়ির সামনে একটি ভাড়া বাসায় ওই যুবতী বসবাস করতেন। রোববার দুপুর পর্যন্ত দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা দরজার ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকালে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবতীকে ঝুলতে দেখতে পান। পরে বিষয়টি দ্রুত স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। এদিকে ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এমন মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।রায়পুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]