বুলবুল আহমেদ হবিগঞ্জ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল- নবীগঞ্জ) আসনে ভোট শেষের অপেক্ষা এখন শুধু সময়ের ব্যাপার। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও সবচেয়ে বড় প্রশ্ন একটাই- এই আসনে কে হচ্ছেন ইতিহাসের নতুন মুখ?নবীগঞ্জ ও বাহুবল নিয়ে গঠিত এ আসনে এবার মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- ধানের শীষ প্রতীক নিয়ে ডক্টর রেজা কিবরিয়া, রিকশা প্রতীক নিয়ে মাওলানা সিরাজুল ইসলাম, চেয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ বদরুর রেজা, মোটরগাড়ি (কার) প্রতীক নিয়ে কাজী তোফায়েল আহমেদ ও ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র পদপ্রার্থী শেখ সুজাত মিয়া। তবে, নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল ধানের শীষ, রিকশা ও ঘোড়া প্রতীকের প্রার্থীদের মধ্যে।ভোটের দিন বেলা বাড়লেও অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও শেষ মুহূর্তে কিছু কিছু কেন্দ্রে ভোটারদের আগমন বাড়তে দেখা যায়। এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তাদের ধারণা, নীরব ভোটারদের অংশগ্রহণই শেষ পর্যন্ত ফলাফলের সমীকরণ বদলে দিতে পারে।এ ব্যাপারে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ৪৯ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৪৫ জন ও হিজড়া ভোটার ৫ জন। মোট ১৭৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো প্রার্থীই এককভাবে এগিয়ে নেই। বরং তিন জনের মধ্যে ভোট বিভাজনের কারণে শেষ পর্যন্ত সামান্য ব্যবধানেই জয়-পরাজয় নির্ধারিত হতে পারে। ফলে, এবারের নির্বাচন শুধু বিজয়ের নয়, বরং হবিগঞ্জ-১ আসনের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায় রচনার সম্ভাবনাও তৈরি করেছে। এখন সবার দৃষ্টিই গণনার দিকে। ব্যালট বাক্স খুললেই জানা যাবে হবিগঞ্জ-১-এর রাজনীতিতে কে হচ্ছেন ইতিহাসের নতুন মুখ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]