ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।বুধবার ১/১/২০২৬ ইং রাত ১১ টায়, হাইমচর উপজেলার সদর রোডের কালা চৌকিদারের মোড় থেকে আলগি যাওয়ার পথে স্বপন মেম্বারের বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলগিগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তার ওপর ছিটকে পড়েন মোটরসাইকেলের আরোহীরা ও অ্যাম্বুলেন্সের চালক। দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেন এবং দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী রাব্বি নামের এক যুবক কিছুক্ষণ পর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহত রাব্বির পরিবার ও স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী শাকিল এবং অ্যাম্বুলেন্সের চালকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চাঁদপুর থেকে ঢাকায় রেফার করা হয়। চিকিৎসকদের মতে, তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা অসাবধানতাই এ দুর্ঘটনার মূল কারণ হতে পারে। স্থানীয় সচেতন মহল ওই সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিয়মিত ট্রাফিক তদারকির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়। নিহত রাব্বির রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]