আলমগীর হোসেন আসিফঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত মিনি ফুটবল টুর্নামেন্টে বিশিষ্ট সমাজসেবক আবদুল জলিল আখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মিজান শেখ, বিশিষ্ট সমাজসেবক ফজলু শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও অরবিন্দ ফ্যাশনের প্রতিষ্ঠাতা মোঃ মাসুম বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশারফ পাটোয়ারী এবং হাইমচর উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য মোঃ আলমগীর হোসেন আসিফ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরদার আব্দুল জলিল মাস্টার বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। আমরা যদি আমাদের তরুণ সমাজকে খেলাধুলার মাঠে নিয়ে আসতে পারি এবং তাদের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতে পারি, তাহলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও জঙ্গিবাদের মতো সামাজিক অপশক্তি থেকে তাদের দূরে রাখা সম্ভব হবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, যা ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও ঐক্যের শিক্ষা দেয়। এই বিজয়ের মাসে এমন ক্রীড়া আয়োজন তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ শাহ পরান আখন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল। তার নেতৃত্বে আয়োজক কমিটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে পুরো আয়োজন সম্পন্ন করে। উদ্বোধনী ম্যাচ ও পরবর্তী খেলা উপভোগ করতে মোঃ এমরান হোসেন, মোঃ হোসেন ছৈয়ালসহ এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে। পুরো টুর্নামেন্ট শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]