বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং ত্লাং এলাকায় বম পার্টি (তথাকথিত কেএনএ)-এর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।৩ সেপ্টেম্বর (বুধবার) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত টানা এক মাসব্যাপী এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনা টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় কেএনএ-র ঘাঁটি চিহ্নিত করে ব্যাপক তল্লাশি চালায়।অভিযানে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]