নিজস্ব প্রতিবেদকঃ
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়। জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, সদর উপজেলা সভাপতি মোশাররফ হোসেন, তালা উপজেলা সভাপতি নুরে আযম, শ্যামনগর উপজেলা সভাপতি আনিস খোকন, কলারোয়া উপজেলা সভাপতি সেলিমুজ জামান, আশাশুনি উপজেলা সভাপতি সাইফুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডলসহ আরও অনেকে। বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। অথচ এখনো তারা সরকারি স্বীকৃতি ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত স্বীকৃতি, গ্রেড উন্নয়ন ও পদোন্নতির সুযোগ না থাকায় তারা হতাশ। তারা আরও বলেন, অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধনপূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা ও ধারাবাহিক পদোন্নতির সুযোগসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]