নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাটসহ জেলার নয়টি উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রিকশাচালক, দিনমজুর ও অন্যান্য কর্মজীবী মানুষ। কোথাও হাঁটু পানি, আবার কোথাও চলাচলের রাস্তাগুলো ডুবে গেছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩ দশমিক ৬ মিলিমিটার। এ তথ্য নিশ্চিত করেছেন মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। টানা বৃষ্টির কারণে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। এতে অনেক সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিকশাচালক ও দিনমজুররা।রিকশাচালক খলিল মিয়া বলেন, চার দিন ধরে বৃষ্টি থামছে না। রাস্তায় পানি জমে আছে, রিকশা চালাতে খুব কষ্ট হয়। যাত্রীও কম। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। অথচ মাথার ওপর কিস্তির চাপ। সবজি বাজারের দিনমজুর শহিদুল ইসলাম জানান, বাজারে ক্রেতা কম, তাই কাজ নেই। সকালে বের হই, কিন্তু কোথাও কাজ জোটে না। বাজার করতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজার করতে বের হয়েছি, কিন্তু মনে হচ্ছে যেন যুদ্ধ করতে বের হয়েছি। এক হাতে ছাতা, আরেক হাতে জুতো আর ব্যাগ। একদিকে খারাপ রাস্তা, অন্যদিকে ড্রেনের করুণ অবস্থা—সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই। মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হারুনুর রশিদ আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দিনগুলোতেও বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। তবে ভারী বজ্রঝড় বা শিলাবৃষ্টির আশঙ্কা নেই।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]