

ডেক্স রিপোর্টঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে ইদ্রিস মাতব্বর বাড়ি জামে মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) জুমার খুতবা, নামাজ ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে মসজিদটি জামে মসজিদ হিসেবে যাত্রা শুরু করে। এলাকাবাসীর দীর্ঘ প্রচেষ্টা, সার্বিক সহযোগিতা এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রত্যাশী মোঃ শাহজাহান মাতব্বরের উদ্যোগে এ শুভ উদ্বোধন সম্পন্ন হয়। মোঃ শাহজাহান মাতব্বর জানান, ২০০১ সালে মসজিদটি একটি পাঞ্জেগানা মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ২৫ বছর ধরে এলাকাবাসীর ধর্মীয় চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মুসল্লিদের অনুরোধে ২০২৬ সালের ৩১ জুলাই জুমার খুতবা, নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এটিকে জামে মসজিদ হিসেবে উদ্বোধন করা হয়। তিনি বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি নৈতিক শিক্ষা, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং ইসলামের শান্তির বাণী প্রচারের অন্যতম কেন্দ্র। আল্লাহর ঘর যত সমৃদ্ধ হবে, সমাজ ততই সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণমুখী হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম পাটোয়ারী, সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি ডা. মোঃ হারুন, বিশিষ্ট সমাজসেবক ডা. মো. আনোয়ার হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রহমান মাতব্বর এবং কোষাধ্যক্ষ মোঃ নুর নবী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জুমার খুতবা প্রদান এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও এলাকার সর্বস্তরের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শাকিল হোসেন। বক্তারা বলেন, একটি জামে মসজিদ প্রতিষ্ঠা শুধু ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণেরই নয়, বরং সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের চেতনা জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।ভবিষ্যতেও মসজিদকে কেন্দ্র করে ইসলামী শিক্ষা, সমাজসেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের অংশগ্রহণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ তাআলার দরবারে দেশ ও জাতির সুখ-শান্তি, এলাকার উন্নয়ন, মুসলিম উম্মাহর ঐক্য এবং সকলের কল্যাণ কামনা করা হয়।










